
প্রথম আলোর খবর অনুযায়ী, খুলনায় ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচি থেকে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেলে একজন পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন, তাঁদের মধ্যে বাসের চালকও আছেন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। বাসে তখন লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়লে যাত্রীরা ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন।
আহত রুহুল আমিন জানান, বাসটি ওই এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ এক পথচারী সড়ক পার হতে যান। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তাঁর বর্ণনায়, বাসের ধাক্কাতেই ওই পথচারী নিহত হন।
নিহতের নাম আবদুল খালেক (৬৫)। তাঁর বাড়ি তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। আহতদের অধিকাংশের বাড়ি সদর উপজেলার ঘোনা এলাকায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন পথচারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি এখন হাইওয়ে পুলিশ দেখছে।
সূত্র: প্রথম আলো